মুসলমানদের পবিত্র ভূমি মক্কায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন হামলার অপচেষ্টার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে কুয়েত। বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক আনুষ্ঠানিক বার্তায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে কাপুরুষোচিত ও চরম নিন্দনীয় কাজ বলে অভিহিত করেছে।
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পবিত্র মক্কা নগরীকে নিশানা করা মূলত বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের প্রতি এক চরম অবমাননা। এ ঘটনার প্রেক্ষিতে সৌদি আরবের প্রতি কুয়েতের অটল সংহতি প্রকাশ করা হয়।
ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত ও ধ্বংস করার জন্য কুয়েত দেশটির প্রতিরক্ষা সক্ষমতার বিশেষ প্রশংসা করে।
এছাড়া, কুয়েত স্মরণ করিয়ে দেয় যে, সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা গোটা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। অন্যদিকে, ইয়েমেনের হুথি কর্তৃপক্ষ হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, পবিত্র ধর্মীয় স্থানে হামলার কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা তাদের ছিল না।