পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১২ সেপ্টেম্বর) মিনহাজুল কুরআন ইন্টারন্যাশনালের কনভেনশন হলে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
আহলে সুন্নাহ যুব সাংস্কৃতিক ফোরাম, ডেনমার্কের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ডেনমার্কে বসবাসরত মুসলিম পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.)–এর তাৎপর্য নিয়ে আলোচনা, অতিথিদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ এবং ইসলামি নাশিদ পরিবেশন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের বার্মিংহামের সিরাজুম মুনিরা জামে মসজিদের পরিচালক হাফেজ মাওলানা সাব্বির আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন কোপেনহেগেনের বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব শায়েখ ওয়াজি উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর হাফেজ মোহাম্মদ সাইদ আহমেদ চিশতী ও ড. হাফেজ মুহাম্মদ ইদ্রিস আল-আজহারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নাহ যুব সাংস্কৃতিক ফোরাম, ডেনমার্কের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুদ্দোহা ইয়াকিন। সন্ধ্যা সাড়ে ৫টায় অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানানো হয় এবং নাশতা পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিদের গলায় মডেল পরিয়ে দেন সংগঠনের উপদেষ্টা সদস্যরা। অনুষ্ঠানের শেষভাগে আল-কুদস গ্রুপ ইসলামি নাশিদ পরিবেশন করে, যা উপস্থিত দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে দুরুদ ও সালাম পাঠ করা হয় এবং মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে তাবারুক বিতরণ করা হয়।