রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১ম বাংলাদেশের হাফেজ হীরা

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হীরা।

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১ম বাংলাদেশের হাফেজ হীরা

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা–২০২৬ এ প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ ইহতেশামুল হক হীরা। তিনি ঢাকার মিরপুর-১ এলাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী।

রোববার (১১ অক্টোবর) অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতাটি ৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলেছিল এবং এর উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্যে কয়েক ধাপে বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেন। হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের হিরা বিশ্বদরবারে লাল-সবুজের পতাকা সমুন্নত করেছেন।

প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হিরা পেয়েছেন ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ, সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার।

ইতোপূর্বে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, যেমন হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ, সা'দ নুর, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনসহ গৌরবোজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

বিজ্ঞাপন