বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের

আসিফ নজরুল জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত তাঁরই ছিল।

বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার বিষয়টি নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

এ প্রসঙ্গে আসিফ নজরুল তাঁর ফেসবুক পেজে জানান, ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্তটি তখনকার ক্রীড়ামন্ত্রী হিসেবে মূলত আমারই ছিল। আমি নিজেই এ কথা একাধিকবার প্রকাশ্যে বলেছি।’ তিনি আরও বলেন, ‘ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বিষয়টি ঘটা করে তদন্ত করে তা প্রকাশের কি এমন কারণ ঘটলো বুঝলাম না।’

অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘ঘটনার সূত্রপাত উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজকে আইপিএল থেকে অপমানজনকভাবে বাদ দেওয়া থেকে। এরপর আমরা নিরাপত্তাহীনতার আশঙ্কা এবং বাংলাদেশের প্রতি অবমাননার প্রতিবাদে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে অনীহা জানাই।’

তিনি বলেন, ‘আমাদের আশঙ্কা যে অমূলক ছিল না, আইসিসির প্রথম রিপোর্টেই তার স্বীকৃতি ছিল। সেখানে ভারতে নিরাপত্তা-আশঙ্কার তিনটি কারণ উল্লেখ করা হয়েছিল।’

আসিফ নজরুল জানান, ভিন্ন ভেন্যুতে খেলার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, ‘কিছু দেশ থেকে সমর্থনও পেয়েছিলাম। কিন্তু আইসিসির নেতৃত্বে ভারতীয়দের আধিপত্যের কারণে তা সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমাদেরকে ভারতে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো যোগাযোগ করা হয়নি। আমার সিদ্ধান্তের পেছনে তিনটি বিষয় ছিল—দেশের মর্যাদা, ক্রিকেটারদের নিরাপত্তা এবং দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখা।’

আসিফ নজরুল বলেন, ‘বিশ্বকাপ না খেললে বিদেশি দলগুলোর সাথে বাংলাদেশের খেলা বন্ধ হয়ে যাবে, এমন আশঙ্কা ছিল। কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডের নানা উদ্যোগে সেই আশঙ্কা শেষ পর্যন্ত দূর হয়েছিল।’

তিনি বলেন, ‘একটি ছোট দেশ বলে কেউ আমাদের ইচ্ছেমতো অপমান করবে, আর আমরা সবসময় তা মুখ বুঝে মেনে নিবো, এমন প্রত্যাশা করা ঠিক নয়। আমি সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে বন্ধুত্বে বিশ্বাসী।’

বিজ্ঞাপন