নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাকযোগে ভোটের নিয়মে পরিবর্তন আনার পরিকল্পনা আটকে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের দেওয়া নিষেধাজ্ঞা বহাল রেখে এ সিদ্ধান্ত নেয়।
ট্রাম্প গত মার্চে নির্বাচনী জালিয়াতি ঠেকানোর উদ্দেশ্যে ডাকযোগে ভোটের জন্য নতুন নিয়ম চালুর নির্দেশ দেন। এর মধ্যে ব্যালটের খামে আলাদা বারকোড ব্যবহার এবং ডাকযোগে ভোট পাওয়া ব্যক্তিদের তথ্য অনলাইন পোর্টালে সংরক্ষণের পরিকল্পনাও অন্তর্ভুক্ত ছিল।
এই উদ্যোগের বিরুদ্ধে ২৩টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসি মামলা করে। তাদের অভিযোগ, নতুন নিয়মে অঙ্গরাজ্যগুলোর নির্বাচন পরিচালনার সাংবিধানিক ক্ষমতা ক্ষুণ্ন হবে। ডাক বিভাগের কর্মীদের ইউনিয়নও জানায়, নির্বাচনের আগে কর্মীদের নতুন নিয়মে প্রশিক্ষণ দেওয়ার মতো সময় নেই।
৪ সেপ্টেম্বর ফেডারেল বিচারক ইন্দিরা তালওয়ানি ট্রাম্পের আদেশ বাস্তবায়নে নিষেধাজ্ঞা দেন। পরে আপিল আদালতও সেই নিষেধাজ্ঞা স্থগিত করতে অস্বীকৃতি জানায়।
সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারপতি ব্রেট কাভানাও নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে মত দেন। তবে তিনি বলেন, মামলার চূড়ান্ত পর্যায়ে ট্রাম্পের পক্ষে রায় দেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। রক্ষণশীল বিচারপতি স্যামুয়েল আলিটো ও ক্লারেন্স থমাস ভিন্নমত দেন।
এদিকে, কয়েকটি অঙ্গরাজ্যে ইতোমধ্যে ডাকযোগে ব্যালট বিতরণ শুরু হয়েছে। নির্বাচনের এত কাছাকাছি সময়ে নিয়ম বদলালে ভুল, বিলম্ব ও বিভ্রান্তি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের নির্বাচনী কর্মকর্তারা।
ডাকযোগে ভোট নিয়ে ট্রাম্পের জন্য এটি প্রথম আইনি ধাক্কা নয়। গত জুনেও সুপ্রিম কোর্ট নির্বাচনের দিন ডাকের সিল মারা ব্যালট পরে পৌঁছালেও তা গণনার অনুমতি দিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান প্রত্যাখ্যান করেছিল। তবে সোমবারের দেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত নয়, মামলার আইনি প্রক্রিয়া চলতে থাকায় ভবিষ্যতে এ বিষয়ে আবারও আদালতের সিদ্ধান্ত আসতে পারে।