বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

এক যুগ পর নতুন পরিচয়ে ইংলিশ ড্রেসিংরুমে ফিরছেন পিটারসেন

কেভিন পিটারসেন ১২ বছর পর ইংল্যান্ডের ড্রেসিংরুমে ফিরছেন মেন্টর হিসেবে।

এক যুগ পর নতুন পরিচয়ে ইংলিশ ড্রেসিংরুমে ফিরছেন পিটারসেন

দীর্ঘ ১২ বছর পর আবারও ইংল্যান্ডের ড্রেসিংরুমে ফিরছেন সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। তবে এবার তিনি খেলোয়াড় হিসেবে নয়, সাদা বলের দলের স্পেশালিস্ট মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামী সপ্তাহ থেকেই ৪৬ বছর বয়সী পিটারসেন ইংল্যান্ডের সীমিত ওভারের দলের সঙ্গে যোগ দেবেন। প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের কোচিং স্টাফে আগামী এক বছরের জন্য কাজ করবেন তিনি।

২০১৪ সালে দলের সঙ্গে তিক্ত সম্পর্কের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে হয়েছিল পিটারসেনকে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে পিটারসেনের অভিজ্ঞতা ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে দলটি।

পিটারসেনের নতুন অধ্যায় চলতি মাসে শ্রীলঙ্কা সফরের মাধ্যমে শুরু হবে। এরপর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফরেও তিনি দলের সঙ্গে থাকবেন।

এছাড়া ঘরের মাঠে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষেও পিটারসেন কাজ করবেন। উল্লেখ্য, ২০১৮ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন পিটারসেন। এরপর ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মেন্টরের ভূমিকাও পালন করেছেন।

বিজ্ঞাপন