মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মাতারবাড়ীতে জাহাজের বার্থিং সীমা বেড়ে ২৩০ মিটার

মাতারবাড়ীতে জাহাজের বার্থিং সীমা বেড়ে ২৩০ মিটার, একসঙ্গে ৮ হাজার কনটেইনারবাহী জাহাজ প্রবেশের সুযোগ তৈরি হয়েছে।

মাতারবাড়ীতে জাহাজের বার্থিং সীমা বেড়ে ২৩০ মিটার

কক্সবাজারের মাতারবাড়ীতে জাহাজের বার্থিং সীমা বৃদ্ধি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ২৩০ মিটার দীর্ঘ ও ১২.৫ মিটার গভীরতার জাহাজ ভিড়তে পারবে এই জেটিতে।

এই পরিবর্তনের ফলে একসঙ্গে ৮ হাজার একক পর্যন্ত কনটেইনারবাহী জাহাজ প্রবেশের সুযোগ সৃষ্টি হয়েছে। এর আগে, মাতারবাড়ী বন্দরে সর্বোচ্চ ১১ মিটার গভীরতার জাহাজ প্রবেশ করতে পারত। সম্প্রতি চ্যানেলটি খননের পর, বড় জাহাজগুলোও এখানে ভিড়তে সক্ষম হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, "চট্টগ্রাম বন্দরে যেখানে সর্বোচ্চ ৯.৫ মিটার গভীরতার জাহাজ প্রবেশ করতে পারে, সেখানে মাতারবাড়ীর এই সক্ষমতা বড় জাহাজ পরিচালনার নতুন সুযোগ তৈরি করবে।"

বিজিএমইএ এর প্রথম সহসভাপতি সেলিম রহমান বলেন, "দেশের অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবকাঠামো উন্নয়ন অব্যাহত রাখতে হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে কৌশলী ভূ-রাজনীতিও প্রয়োজন।"

শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক খায়রুল আলম সুজন বলেন, "মাতারবাড়ীতে আধুনিক টার্মিনাল, দ্রুত পণ্য হ্যান্ডলিং, যোগাযোগ অবকাঠামো তৈরির পাশাপাশি চ্যানেলের নাব্যতা ধরে রাখতে নিয়মিত খনন করতে হবে।"

বিজ্ঞাপন