কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৪০টি গ্রাম পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে তলিয়ে গেছে। এতে অন্তত ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
প্রায় ৪৭০ একর ফসলি জমি, চলাচলের মূল রাস্তাঘাট পানির নিচে চলে গেছে। পরিস্থিতি গুরুতর হওয়ায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।
প্লাবিত এলাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে ধান, পাট, কলা ও সবজির বাগানসহ কোটি কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
চিলমারী ইউনিয়ন পরিষদ ও স্থানীয় শিক্ষকরা জানিয়েছেন, দুর্গত এলাকায় ত্রাণ না পৌঁছানোর কারণে এবং গো-খাদ্যের সংকট থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, পদ্মার পানি বর্তমানে বিপদসীমার ৭৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী দু-একদিনের মধ্যে পানি কমতে শুরু করবে।