রাজধানীর উত্তরায় একটি ট্রাভেল এজেন্সিতে হামলা ও চাঁদাবাজির মামলায় আবুল খায়ের নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানা পুলিশ স্থানীয় জমজম টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট উত্তরা এলাকার ‘তুলি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’ নামের প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। সাবেক কর্মচারী আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত হঠাৎ কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়।
এ সময় তারা ট্রাভেল এজেন্সির মালিককে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয় তারা।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় একটি চাঁদাবাজি ও মারধরের মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার আবুল খায়েরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। হামলার মূল পরিকল্পনাকারী আবুল কালাম আজাদসহ বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।