যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও হামলা বন্ধ হলে ইরান আবারও হরমুজ প্রণালি খুলে দেবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি শনিবার (১২ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য জানান।
পেজেশকিয়ান বলেন, "যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তাই তারা এখন ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের পথ বেছে নিয়েছে।" তিনি সতর্ক করে দেন যে, তেহরান এর বিরুদ্ধে থেমে যাবে না।
তিনি আরও বলেন, "সমুদ্রপথ ইরানের টিকে থাকার একমাত্র নির্ভরতার জায়গা নয়। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে চাপ প্রয়োগ করে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না।"
পেজেশকিয়ান উল্লেখ করেন, "সামুদ্রিক পথ অবশ্যই এমন কোনো বিষয় নয়, যার ওপর আমাদের অস্তিত্ব নির্ভর করে।"
এর আগে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ তৎপরতা বাড়ানো হয়েছে। এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়, যা বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অতএব, প্রণালিতে যেকোনো ধরনের বাধা বা অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।