ভারতের দিল্লিতে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন, যেখানে অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংসহ উদীয়মান শক্তিধর দেশগুলোর নেতারা। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম শুরু হবে।
৭ বছর পর ভারতে সফর করছেন শি জিনপিং। শনিবার দুপুরে দিল্লিতে পৌঁছানোর পর, আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে।
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবারের ব্রিকস সম্মেলন বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে।
বিশ্বনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও ভিভিআইপি রুটগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী স্থাপন করেছে উচ্চপ্রযুক্তির ডেডিকেটেড কন্ট্রোল রুম, যেখানে সার্বক্ষণিকভাবে বিশ্বনেতাদের মোটরকেডের গতিবিধি ও রাজধানীর সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।