যুক্তরাষ্ট্রের হুমকির মুখেও ইরানের জনগণ ভীত নয় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানিরা যতদিন বেঁচে থাকবেন, ততদিন নিজেদের দেশের মানুষের সেবা করে যাবেন।
তেহরানে আন্তর্জাতিক গ্রামীণ ও যাযাবর জনগোষ্ঠীর সক্ষমতা প্রদর্শনীতে বক্তব্য রাখতে গিয়ে পেজেশকিয়ান জানান, ওয়াশিংটনের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ সত্ত্বেও ইরান যুদ্ধ অবসানের শর্তে কোনো ছাড় দিতে রাজি নয়।
তিনি বলেন, 'ইরানের জনগণ শত্রুর হুমকিতে ভয় পায় না। আমরা যতদিন বেঁচে থাকবো, ততদিন আমাদের বীরত্বপূর্ণ ইরানের গর্বিত জনগণের সেবক হিসেবে থাকব।'
গত মাসে ইরান একটি শান্তি প্রস্তাব দিয়েছিল, যেখানে তারা আঞ্চলিক যুদ্ধবিরতি কার্যকর করার, দেশের জব্দ করা সম্পদ অবমুক্ত করার, তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বন্ধের দাবি জানায়।
প্রস্তাবে ইরান সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দেয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি, যেখানে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়।
দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে প্রণালিটি খুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যানের পর সমঝোতার পথ এখনো অনিশ্চিত হয়ে পড়েছে। পেজেশকিয়ানের বক্তব্যে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের চাপের মুখেও নিজেদের অবস্থান ধরে রাখতে চায় ইরান।