প্যারাগুয়ে ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে এবং লাতিন আমেরিকায় দেশটির সঙ্গে অন্যান্য রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে চায়। প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা এ তথ্য জানিয়েছেন।
বিশ্বের বিভিন্ন দেশ যখন ইসরায়েলের সঙ্গে দূরত্ব তৈরি করছে, তখন প্যারাগুয়ে ভিন্ন অবস্থান নিয়েছে। আলিয়ানা বলেন, রাজনৈতিক চাপ বা কূটনৈতিক মূল্য দিতে হলেও তারা ইসরায়েলের বন্ধুত্ব বজায় রাখবে।
পেদ্রো আলিয়ানা সম্প্রতি ইসরায়েল সফরকালে দ্য জেরুজালেম পোস্টকে একান্ত সাক্ষাৎকারে বলেন, প্যারাগুয়ে ইসরায়েলের রাজধানী জেরুজালেমে নিজেদের দূতাবাস পুনরায় চালু করতে চায় এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে আগ্রহী।
তিনি আরও বলেন, "প্যারাগুয়ে ইসরায়েলের সঙ্গে একটি কৌশলগত জোট গড়ে তুলছে, যেখানে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও স্বাধীনতার মতো মূল্যবোধ এবং নীতিতে আমাদের মিল রয়েছে।"
এছাড়া, তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়ে বলেন, "আমরা আমাদের ভূখণ্ড রক্ষায় ইসরায়েলের অধিকারের পক্ষেও অবস্থান নিয়েছি।"
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার তিন বছর পূর্তিকে সামনে রেখে প্যারাগুয়ের প্রতিনিধি দলটি ইসরায়েল সফর করে।