যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া ইসরায়েলের সেনাবাহিনী অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার আহমদ ভাহিদি। তিনি শনিবার (১২ সেপ্টেম্বর) ইরানের সেনাপ্রধান আমির হাতামির সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।
ভাহিদি বলেন, 'যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েলি সেনাবাহিনী খুব অল্প সময়ের মধ্যেই ধসে পড়বে।' তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা ইরানের সামরিক সক্ষমতাকে অবমূল্যায়ন করেছেন।
আইআরজিসি কমান্ডার আরও জানান, ইরানের সামরিক শক্তি ও সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভাহিদির এই বক্তব্য এসেছে। এর আগে, দুই দেশের সামরিক সক্ষমতা ও যুদ্ধের প্রস্তুতি নিয়ে উভয় পক্ষ থেকে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হয়েছে।