ব্রিকস সম্মেলন উপলক্ষে ভারতের দিল্লিতে ১১ সদস্যের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সমাগম ঘটেছে। এই সম্মেলনের পাশাপাশি একাধিক সাইডলাইন বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে মার্কিন আধিপত্যের সমালোচনা করেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব জটিল ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেজেশকিয়ানের সাথে বৈঠকে মধ্যপ্রাচ্য সংকট, আঞ্চলিক স্থিতিশীলতা এবং হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের গুরুত্ব তুলে ধরেন। মোদি বলেন, ‘দিল্লি মধ্যপ্রাচ্য সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের পক্ষে।’
পেজেশকিয়ান ব্রিকস বিজনেস ফোরামে বক্তব্য প্রদানকালে জানান, যুক্তরাষ্ট্রের চাপের মুখেও ইরান কখনো মাথা নত করবে না। তিনি বলেন, ‘ব্রিকস দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী করা প্রয়োজন।’
পুতিন পশ্চিমাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমাদের পশ্চিমা প্রতিদ্বন্দ্বীরা যেকোনো উপায়ে তাদের হারানো নেতৃত্ব পুনরুদ্ধারের চেষ্টা করছে।’
বৈঠকে পুতিন ও মোদি ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা, জ্বালানি ও বিরল খনিজ উপাদান খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।