সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে বেসামরিক জনগণের ওপর প্রাণঘাতী বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে দেশটির সাবেক নয়জন সামরিক পাইলটকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। গ্রেফতারদের মধ্যে তিনজন ব্রিগেডিয়ার জেনারেলও রয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে আরব নিউজ জানায়, পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে নজরদারি ও পর্যবেক্ষণ অভিযানের পর এই সাবেক যুদ্ধবিমান ও হেলিকপ্টার পাইলটদের আটক করা হয়।
কর্তৃপক্ষের অভিযোগ, গ্রেফতারকৃত পাইলটরা সিরিয়ার বিভিন্ন প্রদেশে 'সিরিয়ার জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধে' জড়িত ছিলেন। তাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল মানহাল আনোয়ার সালেহ, ব্রিগেডিয়ার জেনারেল সামি ইব্রাহিম মাহমুদ এবং ব্রিগেডিয়ার জেনারেল ঘিয়াথ আলী আল-রাহিয়া অন্তর্ভুক্ত রয়েছেন।
সিরিয়ায় এক দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধে পাঁচ লাখের বেশি মানুষ নিহত হয়েছে। এই সময়ে সাবেক সরকারের অনুগত বাহিনীর বিমান হামলায় বিরোধী নিয়ন্ত্রিত এলাকা বারবার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
ক্ষমতা গ্রহণের পর সিরিয়ার নতুন কর্তৃপক্ষ যুদ্ধকালীন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত সাবেক সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এ ছাড়া, ক্ষমতাচ্যুত সরকারের আমলে সংঘটিত অপরাধের তথ্য উদঘাটনে একটি অন্তর্বর্তীকালীন বিচার কমিশন গঠন করা হয়েছে।
এর আগে, সোমবার সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সাবেক সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। ওই কর্মকর্তা ইউরোপীয় নিষেধাজ্ঞার তালিকাভুক্ত এবং ২০১১ সালের বিক্ষোভকারীদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত।
গত আগস্টে, সিরিয়ার আদালত রাশিয়ায় পালিয়ে থাকা বাশার আল-আসাদ এবং তার ভাই মাহের আল-আসাদকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে। ফ্রান্সের বিচারকরাও বাশার আল-আসাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে তিনটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
সিরিয়ায় ২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভ থেকে শুরু হওয়া সংঘাত পরবর্তীতে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে রূপ নেয়, যার ফলে লাখো মানুষের প্রাণহানি এবং ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনা ঘটে। আসাদ সরকারের পতনের পর নতুন প্রশাসন যুদ্ধকালীন অপরাধের বিচারের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।