যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রসঙ্গ উত্থাপন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। হেগসেথ দাবি করেন, 'যুক্তরাষ্ট্রই হরমুজ নিয়ন্ত্রণ করে এবং এই যুদ্ধ আমরাই ফিনিশ করবো।'
তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অন্যতম লক্ষ্য। পেন্টাগনে আয়োজিত এই অনুষ্ঠানে হেগসেথ আরও জানান, যুক্তরাষ্ট্র এখনো এমন শত্রুর মুখোমুখি, যারা দেশটির নাগরিকদের ক্ষতি করতে চায়।
হেগসেথ বলেন, 'অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত ছিল এবং এখনো চলছে। এখনও এমন শত্রু রয়েছে, যারা আমাদের ঘৃণা করে। প্রতিদিন তারা আমাদের শক্তি কমানো এবং নাগরিকদের হত্যা করার পরিকল্পনা করে, যার মধ্যে দেশে ও বিদেশে থাকা ইসলামপন্থি সন্ত্রাসীরাও রয়েছে।'
অনুষ্ঠানে গত ছয় মাসের যুদ্ধে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। হেগসেথ দাবি করেন, এই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকজন নেতা হত্যা করেছে এবং দেশটির বিমান বাহিনী ধ্বংস করেছে।
তিনি আরও বলেন, 'আমরা নিশ্চিত করছি যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। প্রতিদিন অর্থনৈতিক চাপ আরও বাড়ছে। আমরা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে আছি। আমরা এই লড়াই শেষ করবো।'
৯/১১ হামলায় নিহতদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে ট্রাম্প প্রশাসনের চলমান সামরিক অভিযানের প্রসঙ্গ তুলে ধরায় বিষয়টি আলাদা গুরুত্ব পেয়েছে। ট্রাম্প বলেন, 'আমরা সেই সব সেনাসদস্যকে সম্মান জানাই, যারা এই মুহূর্তে কাজ করছেন, যাতে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসের পৃষ্ঠপোষক ইরান ইসলামি প্রজাতন্ত্র কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।'
৯/১১ হামলার স্মরণ অনুষ্ঠানকে ইরান যুদ্ধের সঙ্গে যুক্ত করে ট্রাম্প প্রশাসনের বক্তব্য নতুন করে আলোচনায় এনেছে।