যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নিয়ে কোনো 'অনুশোচনা' নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, এই যুদ্ধ আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলতে পারে, তবে নিজের সিদ্ধান্ত বদলাতে চান না।
ফক্স নিউজের সঞ্চালক লরা ইনগ্রাহামের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'আমি ‘অনুশোচনা’ শব্দটিতে বিশ্বাস করি না।' তিনি আরও জানান, 'যদি আমাকে আবারও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়, আমি ঠিক একই কাজ করবো।'
ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধের কারণে তার কিছু সমর্থক হতাশ হয়েছেন বলে যে বক্তব্য রয়েছে, তা তিনি নাকচ করেন। তিনি বলেন, 'আমি মনে করি না তারা হতাশ। বরং তারা গর্বিত যে, আমি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিচ্ছি না।'
সাক্ষাৎকারে ট্রাম্প আবারও উল্লেখ করেন, মধ্যবর্তী নির্বাচনের পরেই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হবে। তিনি বলেন, 'নির্বাচনের পরই এটি শেষ হবে।'
এর আগে, বুধবারও ট্রাম্প একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি অভিযোগ করেন, কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করছে তেহরান।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানের কারণে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ার ফলে রিপাবলিকানদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়, যার জবাবে ইরানও পাল্টা হামলা চালায়।
ট্রাম্প দাবি করে আসছেন যে, ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করা ছিল এই যুদ্ধের অন্যতম লক্ষ্য। তবে ইরান বরাবরই বলে আসছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত এবং দেশটির কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই।