শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্থানীয় নির্বাচনে যেকোনো বৈধ প্রার্থী অংশ নিতে পারবেন: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো বৈধ প্রার্থী অংশ নিতে পারবেন, বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

স্থানীয় নির্বাচনে যেকোনো বৈধ প্রার্থী অংশ নিতে পারবেন: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো বৈধ প্রার্থী অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন এবং তাদের নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালানোর জন্য সরকার ব্যবস্থা নেবে।’

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বাংলাদেশ নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বৈঠক করেন। বৈঠক শেষে গণমাধ্যমের কাছে বক্তব্য রাখেন তারা।

হাইকমিশনার সারাহ কুক জানান, যুক্তরাজ্য দীর্ঘদিনের অংশীদারত্ব থেকে অর্জিত শিক্ষা নিয়ে কাজ করতে চায়। তিনি বলেন, ‘যুক্তরাজ্য মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ করতে আগ্রহী এবং এ জন্য ১০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি বিনিয়োগ করেছে।’

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও জানান, যুক্তরাজ্য সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছে। নগর উন্নয়ন ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে সহায়তাও করছে তারা।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার চলতি অর্থ বছরে পাঁচ ধাপে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে চায়। তিনি জানান, নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সরকার তৎপর। তিনি আরও বলেন, ‘দলীয় মনোনয়ন বা প্রতীকে নির্বাচন হবে না।’

বিজ্ঞাপন