বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করেছে ইরান

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটক করার দাবি করেছে ইরান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।

হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করেছে ইরান

হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ দাবি করে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আটক করা ড্রোনটি ‘ডাইভ-এলডি’ মডেলের একটি স্বয়ংক্রিয় পানির নিচের যান। এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল তৈরি করেছে।

প্রায় ৫ দশমিক ৮ মিটার দীর্ঘ এই ড্রোনটি মাইন শনাক্ত ও অপসারণ, সমুদ্রতলের মানচিত্র তৈরি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পানির নিচে থাকা কেবল ও পাইপলাইনের মতো অবকাঠামো পরিদর্শনের কাজে ব্যবহার করা যায়।

আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিনটি আটক করেছে এবং ড্রোনটিতে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে বলেও উল্লেখ করেছে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের এই দাবিকে গুরুত্ব কমিয়ে দেখানো হয়েছে। পেন্টাগনের এক মুখপাত্র জানিয়েছেন, মার্কিন ড্রোনটি এক দিনেরও বেশি সময় আগে বিকল হয়ে গিয়েছিল এবং এটি ছিল তুলনামূলক পুরোনো মডেলের একটি ড্রোন।

মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ড্রোনটি ওই অঞ্চলের পানিসীমায় চলমান সামরিক অভিযানের সহায়তায় জরিপ চালাচ্ছিল, তবে এতে কোনো সংবেদনশীল তথ্য সংগ্রহের সক্ষমতা বা গোপন শ্রেণিবদ্ধ সোনার ও রাডার সরঞ্জাম ছিল না।

বিজ্ঞাপন