ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের দুটি ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। হামলার লক্ষ্য ছিল মার্কিন নৌবাহিনীর 'ডিডিজি-১১৯' ও 'ডিডিজি-৫৩' নামের যুদ্ধজাহাজ।
আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলা ইরানি তেলবাহী ট্যাংকার এবং অন্যান্য জাহাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 'আগ্রাসী কর্মকাণ্ড ও উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির' জবাব হিসেবে পরিচালিত হয়েছে।
তারা দাবি করে, যুদ্ধজাহাজ দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও এজিস প্রতিরক্ষা ব্যবস্থা বহন করে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, তাদের অপারেশনাল ইউনিটগুলো মার্কিন যুদ্ধজাহাজ দু'টিতে হামলা চালিয়েছে এবং এতে 'উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি' হয়েছে।
এদিকে, ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়নি এবং হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।