ইরান সম্প্রতি একটি নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা উন্মোচন করেছে, যা একই সঙ্গে দু'টি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা রাখে। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমদ ভাহিদি এবং বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের প্রধান মাজিদ মুসাভি একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে পরিদর্শনকালে এই নতুন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
ভাহিদি বলেন, ‘আমাদের শত্রুর যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কেবল শুরু। আমরা তাদের আরও অপমানিত হতে দেখবো।’ তিনি শত্রুপক্ষের বিরুদ্ধে ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন।
মুসাভি জানান, ‘গত দু'টি সংঘাতের মধ্য দিয়ে আমাদের সক্ষমতা বেড়েছে। আমাদের উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন অস্ত্রশস্ত্র শত্রুকে ভীতসন্ত্রস্ত করতে পারে।’
নতুন এই উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন ইরানের সামরিক শক্তির প্রদর্শন এবং যুক্তরাষ্ট্রের প্রতি একটি কঠোর বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশন এ বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।