সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নিউইয়র্ক আদালতে কাতাইব হিজবুল্লাহ কমান্ডার দাউদের বক্তব্য

নিউইয়র্কের আদালতে কাতাইব হিজবুল্লাহর কমান্ডার দাউদ নিজেকে নির্দোষ দাবি করেছেন।

নিউইয়র্ক আদালতে কাতাইব হিজবুল্লাহ কমান্ডার দাউদের বক্তব্য

নিউইয়র্কের একটি আদালতে শুনানি চলাকালে ইরাকের কাতাইব হিজবুল্লাহর কমান্ডার মোহাম্মদ দাউদ আল-সাদি ইরানের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। তিনি নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন।

আদালতে তিনি বলেন, ‘আমরা কাসেম সোলাইমানির সেনাবাহিনী।’ আদালতের নিয়োগ করা আইনজীবীকেও প্রত্যাখ্যান করেন তিনি। গত ১৯ নভেম্বর, প্রায় দুই ঘণ্টার শুনানি শেষে, আদালত থেকে বের হওয়ার সময় আরবিতে চিৎকার করে ইরানের নেতৃত্বের প্রতি নিজের সমর্থন জানান আল-সাদি।

মে মাসে, বিশ্বের বিভিন্ন স্থানে ইহুদি লক্ষ্যবস্তুতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও চেষ্টা করার অভিযোগে আল-সাদির বিরুদ্ধে ৮টি অভিযোগে মামলা করা হয়। যুক্তরাষ্ট্রে আটক থাকা অবস্থায় পরবর্তী সময়ে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

সিএনএনের প্রতিবেদনে জানা যায়, আদালত থেকে নিয়োগ দেওয়া আইনজীবীর সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন আল-সাদি। তিনি দাবি করেন, নিজের পরিবারের মাধ্যমে আইনজীবী নিয়োগ করতে চান।

আল-সাদি বলেন, ‘আমরা যুদ্ধাবস্থায় রয়েছি। আমি একজন রাষ্ট্রনায়ক, ব্যবসায়ী নই। আমার কোনো জুয়ার ক্যাসিনো নেই, আমি শিশুদের ধর্ষণ করি না এবং আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলোতে আমি নির্দোষ।’

তিনি আদালতে নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তুলে ধরে বলেন, ১২ বছর ধরে এফবিআই ও মোসাদের পিছু নিয়েছেন। আল-সাদি দাবি করেন, ইরান ও ইরাকের আদালতে তাদের বিরুদ্ধে মামলা করেছেন।

কাতাইব হিজবুল্লাহ ইরাকভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী, যা ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে। আল-সাদির বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখনো আদালতে বিচারাধীন।

বিজ্ঞাপন