রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে খেলাপি ঋণ কমানোর আহ্বান জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। তিনি আজ রোববার রাজধানীতে অগ্রনী ব্যাংকের ১৯তম বার্ষিক সাধারণ সভায় এই কথা বলেন।
সচিব নাজমা মোবারেক ব্যাংকগুলোকে এসএমই ও কৃষি খাতে বেশি ঋণ দিয়ে স্বল্পসুদে আমানত সংগ্রহের পরামর্শও দেন। তিনি মনে করেন, এই পদক্ষেপগুলো খেলাপি ঋণ কমাতে সহায়ক হবে।
অগ্রনী ব্যাংক জানায়, ২০২৫ সালে ব্যাংকটি নগদ ১ হাজার ৯ কোটি টাকাসহ মোট ১০ হাজার ২৩৪ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করেছে। এতে আগের বছরের তুলনায় ব্যাংকটির খেলাপি ঋণ ১ হাজার ৬২ কোটি টাকা কমেছে।
অগ্রনী ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪২ হাজার ৭৬১ কোটি টাকা। এক বছরে সম্পদ বেড়েছে প্রায় ১৪ হাজার ৪৫৫ কোটি টাকা।
ব্যাংকের কর্মকর্তারা জানান, গত বছর পরিচালন ব্যয় কমানোর ফলে অগ্রনী ব্যাংক এ বছর বিভিন্ন সূচকে উন্নতি করেছে।