জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিতে থাকা ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য আগামী বাজেটে ২ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ সচিব এ তথ্য জানিয়েছেন।
আজ মঙ্গলবার রাজধানীতে এসএমই ফাউন্ডেশন ও ইউএনডিপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পর্যাপ্ত ঋণ ও বীমা সুবিধা না থাকায় ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে। এ কারণে সরকার এই ভর্তুকির উদ্যোগ নিয়েছে।
জিডিপিতে প্রায় ৩০ শতাংশ অবদান রাখা এসএমই খাতটি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও উপকূলীয় লবণাক্ততা এই খাতের উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আইডিআর–এর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন জানান, বিমা সুবিধা সহজ করতে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। তিনি বলেন, “বিমা খাতের ব্যপ্তি রয়েছে, তবে এটি ব্যাংকের মতো কাঠামোগতভাবে শক্তিশালী নয়।”
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদ বলেন, এসএমই ও কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, “জিডিপির প্রবৃদ্ধি চাহিদা অনুযায়ী হচ্ছে না, তাই আমাদের আর্থিক খাতকে সংস্কার করতে হবে।”
অর্থ মন্ত্রণালয়ের সচিব খায়েরুজ্জামান মজুমদার জানান, এসএমই খাতের জন্য অর্থের সংস্থান বর্তমানে সবচেয়ে বড় সমস্যা। এ কারণে সরকার বেসরকারি খাতে ২ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, খুলনা ও রাজশাহী বিভাগের ছয় জেলায় ৩শ'র বেশি এসএমই উদ্যোক্তাকে ঋণ ও বীমার মাধ্যমে সহায়তা দিতে মিশ্র অর্থায়নের পাইলট প্রকল্প চালু করেছে এসএমই ফাউন্ডেশন। সফল হলে এই প্রকল্প দেশের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারণ করা হবে।