অধিকৃত পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি নারী কারাগারে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের পরিদর্শন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব।
সংগঠনটি এই পরিদর্শনকে উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে বলেছে, 'নারী বন্দিদের সেলে বেন-গভিরের উপস্থিতি, তাদের ভিডিও ধারণ এবং সেই দৃশ্য প্রকাশ করা, তাদের মানবিক মর্যাদার ওপর আক্রমণ।'
বেন-গভিরের দায়িত্ব গ্রহণের পর থেকে ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণের অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে বন্দিদের খাবার ও পানির বরাদ্দ কমানো এবং পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ সীমিত করা।
এছাড়া, গোসলের সময় কমিয়ে দেওয়া এবং অন্যান্য মৌলিক সুবিধা বাতিল করার অভিযোগও রয়েছে। ফিলিস্তিনি বন্দি সংগঠনগুলো বলছে, এসব পদক্ষেপের মাধ্যমে তাদের ওপর চাপ আরও বাড়ানো হচ্ছে।