সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

জলদস্যুদের কবল থেকে জিম্মি জাহাজ মুক্ত করলো তুরস্ক-সোমালিয়া

তুরস্কের নৌবাহিনী ও সোমালিয়ার সশস্ত্র বাহিনী জলদস্যুদের কবল থেকে জাহাজ মুক্ত করেছে।

জলদস্যুদের কবল থেকে জিম্মি জাহাজ মুক্ত করলো তুরস্ক-সোমালিয়া

সোমালিয়ার জলসীমায় জলদস্যুদের হাতে জিম্মি একটি জাহাজ মুক্ত করেছে তুরস্কের নৌবাহিনী ও সোমালিয়ার সশস্ত্র বাহিনী। শনিবার (৩০ আগস্ট) সোমালি সরকারের এক বিবৃতিতে জানানো হয়, ১০ দিন ধরে চলা অভিযানে ১৪ জলদস্যু নিহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অভিযানে জলদস্যুদের ব্যবহৃত চারটি নৌকা ধ্বংস করা হয়েছে এবং ধারাবাহিক সামরিক চাপের মুখে জলদস্যুরা জাহাজটি ছেড়ে যেতে বাধ্য হয়। পরে বাহিনীটি এমভি লাতুফ জাহাজের নিয়ন্ত্রণ নেয় এবং এটি নিরাপদে আবার যাত্রা শুরু করেছে।

আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিক-এর তথ্য অনুযায়ী, ক্যামেরুনের পতাকাবাহী জাহাজটি জুলাইয়ের শেষ দিকে তুরস্ক থেকে তানজানিয়ার দার এস সালাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে তুরস্কের তৈরি অস্ত্র ছিল, তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেনি সোমালিয়ার ফেডারেল কর্তৃপক্ষ।

সোমালি সরকার জানায়, তুরস্ক ও সোমালিয়ার মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় যৌথ এই অভিযান পরিচালনা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সোমালিয়ার জলসীমায় জলদস্যু হামলা বেড়ে গেছে। গত এপ্রিল থেকে এখন পর্যন্ত অন্তত পাঁচটি পণ্যবাহী জাহাজ জিম্মি করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে।

সর্বশেষ গত ২০ আগস্ট ইয়েমেনের উপকূলের কাছে একটি জাহাজ দখল করে জলদস্যুরা।

বিজ্ঞাপন