ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল মজুতের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্র একটি চুক্তি করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের মধ্যে আলোচনা শেষে চুক্তিটি সম্পন্ন হয়।
ট্রাম্প এই চুক্তিকে ‘বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তি’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর এই ঘোষণা আসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রায় নয় মাস পর। মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক সন্ত্রাসবাদ এবং মাদক পাচারের অভিযোগ রয়েছে।
এদিকে, ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম নিয়ে চাপ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে দেশটি কৌশলগত তেল মজুত থেকে বিপুল পরিমাণ তেল বাজারে ছেড়েছে।
ভেনেজুয়েলায় আনুমানিক ৩০৩ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রয়েছে, যা বিশ্বের মোট তেল মজুতের প্রায় ১৭ শতাংশ। তবে অবকাঠামোগত দুরবস্থার কারণে দেশটি বর্তমানে বিশ্বের মোট তেল উৎপাদনের মাত্র প্রায় ১ শতাংশ উৎপাদন করে।
ক্ষমতাচ্যুত মাদুরোর পর ভেনেজুয়েলার তেল খাতে মার্কিন কোম্পানিগুলোকে ফেরানোর আগ্রহের কথা ট্রাম্প আগেই জানিয়েছিলেন। নতুন চুক্তির মাধ্যমে সেই প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।