বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) পিংক বাস সার্ভিসের জন্য অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ অথবা জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে।
নিয়োগের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট হতে হবে। এছাড়া, ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অথবা বর্তমান ড্রাইভিং লাইসেন্সটি ভারী লাইসেন্সে রূপান্তর করার সকল শর্ত পূরণ করতে হবে।
আগামী ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইন্সটিটিউট, গাজীপুরে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় (গাড়ি চালনা) অংশগ্রহণের জন্য প্রার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। প্রার্থীকে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সঙ্গে আনতে হবে।
প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রাপ্য হবে না। নির্বাচিত মহিলা চালকগণ ৭ দিন থেকে ২ মাস ব্যাপী ভারী গাড়ি চালনার ফ্রি প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রশিক্ষণের সময় থাকা এবং খাওয়ার ব্যয় বিআরটিসি বহন করবে।
প্রশিক্ষণ শেষে, রোড পারফরমেন্স টেস্টে উত্তীর্ণ হলে কর্পোরেশনের প্রশাসনিক ও আর্থিক বিধিমালার অনুযায়ী, দৈনিক মজুরী ভিত্তিক চালক পদে নিয়োগ দেওয়া হবে। তবে চূড়ান্ত নিয়োগের পূর্বে কোনো আর্থিক সুবিধা প্রাপ্ত হবেন না। ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে যথাযথ শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার দেওয়া হবে।