পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, "মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকব না।" তিনি বলেন, দেশে কোনো মাজার, পীরের তরিকা বা ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না।
বুধবার (২৬ আগস্ট) পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামা'য়াতের জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে দেশের ১২৭টি মাজার ধ্বংসের চেষ্টা হয়েছিল এবং একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান মাজারের খাদেমকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, "ভবিষ্যতে কোনো মাজার ধ্বংস করা হলে আমরা আর ঘরে বসে থাকব না।" ফরহাদ হোসেন আজাদ বলেন, হযরত মোহাম্মদ (সা.) আমাদের দিকনির্দেশনা দেয়ার জন্যই পৃথিবীতে এসেছিলেন এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চান না।
তিনি আরও বলেন, "আমরা নবীর তরিকা ধরে ঐক্যবন্ধ থাকবো।" মহানবীর ১৪ বছরের নবুয়তের কথা ও তার নীতি-আদর্শ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে আহলে সুন্নত ওয়াল জামা'য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলির প্রধান গোলাম মাহবুব জিহাদি।