বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, সরকার সার সংকটের বিষয়টি এড়িয়ে যেতে চাইছে। বুধবার ১১ দলীয় ঐক্যের বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম জানান, কৃষকরা সার সংকটে ভোগান্তিতে থাকলেও সরকার তাদের অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না। তিনি বলেন, "সরকার কৌশলে সারের সংকট গোপন করছে, যা কৃষকদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।"
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি, সার সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। নাহিদ ইসলাম জানান, আগামী ৩০ আগস্ট রাজধানীতে পদযাত্রা করবে বিরোধী জোট, যা গুমবিরোধী দিবস হিসেবে পালিত হবে।
তিনি বলেন, "আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিব এবং সংসদেও বিরোধী দলের সদস্যরা সংসদীয় কায়দায় কথা বলবেন।"
নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, সরকার আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন করে মানবাধিকার কমিশন ও গুম সংক্রান্ত আইনের খসড়া আনছে। এ বিষয়ে বিরোধী জোট কঠোর অবস্থান নিতে প্রস্তুত।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "জনগণ এই ঘৃণ্য আইন মেনে নেবে না। দেশের সব সংকট সমাধানে সংসদ ও রাজপথে আমাদের জোট আরো কঠোর হবে।"