স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যেখানে অপরাধ ঘটছে, সেখানেই গ্রেপ্তার করা হচ্ছে। আজ বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, সরকার গঠনের পর একটি ঘটনাও নেই যেখানে অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি। তিনি দাবি করেন, এটি সরকারের একটি কৃতিত্ব। বাহিনীর আধুনিকায়ন এবং মনোবল বৃদ্ধি করা হচ্ছে বলেও জানান তিনি।
রংপুরের চার খুনের ঘটনায় যৌক্তিক সময়ে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিশু রামিসার ঘটনাসহ অন্যান্য ক্ষেত্রে সরকারের পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
আইনি কাঠামোয় অন্যান্য বাহিনীকে আনার কাজ চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা উচিত নয়। পুলিশ বাহিনী জনবান্ধব বাহিনীতে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার লক্ষ্য হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর নীতি ও আদর্শ অনুসরণ করা। তিনি বিশ্বাস করেন, এই আদর্শ অনুসরণ করলে দেশে অশান্তি ও বিশৃঙ্খলা থাকবে না।