ফুলবাড়ীর মানুষ উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনের সরকারের সিদ্ধান্তকে জনবিরোধী বলে অভিহিত করেছেন। বুধবার (২৬ আগস্ট) ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসে কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত সমাবেশে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির নেতারা এই মন্তব্য করেন।
সমাবেশে বক্তারা বলেন, ফুলবাড়ী চুক্তির ৬ দফা শর্তাবলি এখনও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকারের উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনের ঘোষণা জনগণের স্বার্থের পরিপন্থী। তারা সরকারের কাছে জ্বালানি নীতি পরিবর্তনের আহ্বান জানান।
ফুলবাড়ীতে নিহত তিন তরুণের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন বাম সংগঠন। ২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রকল্প বাতিলের দাবিতে বিক্ষোভে গুলি চালিয়ে তিনজন নিহত হন।
এদিনের সমাবেশে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণে নিহত তরুণদের স্মরণ করে ফুলবাড়ীবাসী প্রতিবছর দিনটিকে ‘ফুলবাড়ী দিবস’ হিসেবে পালন করে আসছেন।