ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দুইভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
মঙ্গলবার এক সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধানমন্ত্রীকে ভারতে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি বিমসটেকের চেয়ারপারসন হিসেবে আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশগ্রহণের জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে।
জয়সওয়াল বলেন, 'গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের হাইকমিশনারের একটি বৈঠক হয়েছে। বৈঠকে দুই পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।'
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের আউটরিচে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তবে, তারেক রহমানের দিল্লি সফর হবে কিনা, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সোমবার দুপুরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, 'প্রধানমন্ত্রীকে ভারতে দাওয়াত দেওয়া হয়নি; আমন্ত্রণ করা হয়েছে বিমসটেকের প্রধানকে।'
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের হস্তান্তরের বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল বলেন, 'শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতের ভূমিকা স্পষ্ট।'
তিনি আরো বলেন, 'এ বিষয়ে প্রচলিত যেসব প্রক্রিয়া রয়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।'