বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১১১, আহত ৮৭। জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রেসিডেন্ট।

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা

কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছে এবং ৮৭ জন আহত হয়েছে। এই তথ্য জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট, যিনি দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

বার্তা সংস্থা এপি জানায়, নিহতদের মধ্যে পেরেইরা শহরে কমপক্ষে ৪০ জন মারা গেছে। ভূমিকম্পের ফলে ধ্বংসস্তূপে অনেকেই আটকে পড়ায় হতাহত বাড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে এই ভূমিকম্পটি আঘাত হানে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পেরেইরা শহরের অনেক ভবন ধসে পড়ে, আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে স্থানীয়রা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল চোকো অঞ্চলের সান হোসে দেল পালমারের প্রায় ৫ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১০৭ কিলোমিটার গভীরে।

ভূকম্পন রাজধানী বোগোতাসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে, তবে পেরেইরা শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্যালি শহরেও অন্তত ২০টি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন এবং জনগণকে আফটার শকের বিষয়ে সতর্ক করেছেন। সতর্কতার অংশ হিসেবে অনেক ভবন খালি করে দেয়া হয়েছে।

ভূমিকম্পের পর কলম্বিয়ার পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, ইকুয়েডরসহ কয়েকটি দেশ। কম্পন প্রতিবেশী ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পানামাতেও অনুভূত হয়েছে। দক্ষিণ আমেরিকার অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ কলম্বিয়া, যেখানে প্রায়ই বড় ধরনের ভূমিকম্প ঘটে।

বিজ্ঞাপন