বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১, আহত ৮৭।

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৮৭ জন। কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, গত এক দশকে দেশটিতে রেকর্ড হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী।

ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি শহরে বহু ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকে। রাজধানী বোগোটাসহ বিভিন্ন এলাকায় আতঙ্কে বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং শিগগিরই দুর্যোগকবলিত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, "আমরা মানুষকে একা ছেড়ে যাবো না। তারা আমাদের হৃদয়ে আছে।"

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার পৌরসভার কাছে, যা রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০৭ কিলোমিটার।

এ ঘটনায় সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে মূল ভূমিকম্পের পর ২ দশমিক ৮ ও ৪ দশমিক ৮ মাত্রার দুটি পরাঘাত অনুভূত হয়েছে।

ভূমিকম্পের কারণে মানিজালেস, কিবদো, আর্মেনিয়া, কার্তাগো, বুয়েনাভেন্তুরা ও পেরেইরা বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, পেরেইরার বিমানবন্দরের ছাদের কিছু অংশ ধসে পড়ছে।

বোগোতায় ভূমিকম্পের সময় গাড়ি ও ভবনের অ্যালার্ম বেজে ওঠে, কিন্তু সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন মেয়র কার্লোস ফার্নান্দো গালান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, কলম্বিয়ায় ভূমিকম্পের পরিস্থিতি ওয়াশিংটন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং কলম্বিয়ার জনগণকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, কলম্বিয়ায় প্রতি মাসে সাধারণত হাজারও ছোট মাত্রার ভূমিকম্প ঘটে, তবে ৬ দশমিক ০ বা তার বেশি মাত্রার ভূমিকম্প দেশটিতে তুলনামূলকভাবে বিরল। ১৯৯৯ সালে কফি অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ নিহত হন।

বিজ্ঞাপন