বাংলাদেশের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকারের 'ফ্যামিলি কার্ড' কর্মসূচি দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রী মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে উন্নয়ন সংস্থা 'ফেইম' আয়োজিত ‘নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে নারীর ক্ষমতায়নের কথা বলা হলেও মাঠপর্যায়ে এর যথাযথ বাস্তবায়ন ঘটেনি। তবে গত পাঁচ দশকে শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন।
মন্ত্রী আরও জানান, নারীর এই অবদান বাড়লেও পরিবার ও রাষ্ট্রের পর্যায়ে কাঙ্ক্ষিত স্বীকৃতি এখনও মিলছে না। সাম্প্রতিক বছরগুলোতে চিকিৎসা ও পেশাগত ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে।
তিনি বলেন, সরকারের নেওয়া উদ্যোগগুলোর সঠিক বাস্তবায়নের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব।