সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ধর্ম

জাতীয় বৃক্ষমেলায় ১৬ লাখ গাছের চারা বিক্রি

জাতীয় বৃক্ষমেলা ২০২৬-এ রেকর্ড ১৬ লাখ গাছের চারা বিক্রি হয়েছে, জানান পরিবেশমন্ত্রী।

জাতীয় বৃক্ষমেলায় ১৬ লাখ গাছের চারা বিক্রি

মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা ২০২৬-এ রেকর্ড পরিমাণে প্রায় ১৬ লাখ গাছের চারা বিক্রি হয়েছে, যা দেশের পরিবেশ সচেতনতা বৃদ্ধির প্রমাণ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিপুল পরিমাণ চারা কেনাবেচা প্রমাণ করে যে সাধারণ মানুষ, ক্ষুদ্র নার্সারি উদ্যোক্তা ও তরুণ সমাজ একটি টেকসই সবুজ অর্থনীতি গড়ে তুলতে প্রস্তুত। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওস্থ বন ভবনের হৈমন্তী মিলনায়তনে জাতীয় বৃক্ষমেলা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এবারের বৃক্ষমেলায় মোট ৭৪টি নার্সারি অংশগ্রহণ করেছে। মাসব্যাপী এই মেলায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক বৃক্ষপ্রেমী মানুষ আগ্রহ নিয়ে চারা সংগ্রহ করেছেন।

মন্ত্রী আরও জানান, সামাজিক বনায়নের মাধ্যমে বন অধিদপ্তর দেশের দারিদ্র্য বিমোচনে একটি নীরব বিপ্লব ঘটিয়েছে, যা সাধারণ মানুষের পরিবেশ সচেতনতার প্রতিফলন।

পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত দূরদর্শী পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্যক্তিকেন্দ্রিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৃক্ষরোপণ ও পরিচর্যা অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের আগেই জাতীয় বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বকে সামনে রেখে পরিবেশ সুরক্ষার আন্দোলনে দেশের সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে নিয়োজিত হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন