প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ৩টি গ্রাম উদ্বোধন করেছেন, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত।
উদ্বোধিত গ্রামগুলোর মধ্যে রয়েছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি গ্রাম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
তিনি জানান, দেশের পুনর্গঠনে এসডিজির সঙ্গে সমন্বয় করে ৫ বছরের অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সরকারের সহায়তা কর্মসূচি ধাপে ধাপে বিস্তৃত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরো জানান, সরকারের পক্ষ থেকে নানা ক্যাটাগরিতে সহায়তা কার্ড ও ভর্তুকি প্রদান করা হচ্ছে। সকল নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় ও অর্থনৈতিক সহায়তা কাঠামোর মধ্যে আনার পরিকল্পনা রয়েছে।
সরকারের থ্রি আর কৌশল অনুসরণ করে সাময়িক স্থিতিশীলতা অর্জনে পুনর্বাসন, পুনরুদ্ধার ও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে।