আওয়ামী লীগ যখন দেশ ধ্বংস করে দেয়, তখন সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্ব বিএনপির ওপর পড়ে। শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিয়ে এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালের পর প্রেসিডেন্ট জিয়াউর রহমানও একইভাবে ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তুলেছিলেন। পরবর্তীতে সেই দায়িত্ব পালন করেছেন দেশনেত্রী খালেদা জিয়া। বর্তমান পরিস্থিতিতে আবারও সেই দায়িত্ব এসে পড়েছে তারেক রহমানের কাঁধে।
তিনি জানান, দেশকে নতুন করে গড়ে তুলতে বিএনপির নেতা তারেক রহমান কাজ শুরু করেছেন। তবে একটি মহল আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, সংসদীয় সরকারব্যবস্থার মাধ্যমে সংসদে সব সমস্যার সমাধান করতে চায় সরকার। কিন্তু কিছু মহল রাজপথে নেমে অন্যায় কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।