রাজধানীর দারুস সালাম থানার গাবতলীর দীপ নগর এলাকায় শীতাতপ নিয়ন্ত্রিত মৎসবাহী কাভার্ড ভ্যানে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ২৫ বছর বয়সী যুবক ইমরান নিহত হয়েছেন এবং ফারুক নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
রোববার দিবাগত রাত পৌনে ১১টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। আহত ফারুক বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ইমরানের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার এরেন্দা গ্রামে। তিনি মাছের কোলেস্টরের চাকরি করতেন বলে জানা গেছে। অপরদিকে, আহত ফারুক ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কসুপাড়া গ্রামের বাসিন্দা এবং একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট। তিনি বর্তমানে সিএসডি ইঞ্জিনিয়ারিং গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করেন।
বিষয়টি নিয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ইমরানের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহত ব্যক্তির চিকিৎসা চলছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।