দক্ষিণ লেবাননের তিবনিন শহরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আবারো বিমান হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহ কর্তৃক চুক্তি লঙ্ঘনের জবাবে বুধবার থেকে দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে লক্ষ্যভিত্তিক হামলা শুরু হয়েছে।
বিমান হামলার পূর্বে, তিবনিন থেকে ২৫ কিলোমিটার দূরের মানসুরি গ্রামের বেসামরিক অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়।
আইডিএফ সতর্ক করে জানিয়েছে যে, ওই অঞ্চলে হিজবুল্লাহর সক্রিয় আস্তানা লক্ষ্য করে বিশেষ অভিযান পরিচালিত হবে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমান হামলার পর মানসুরি এলাকায় ঘন ধোঁয়া উড়ছে।
এদিকে, পাল্টা প্রতিক্রিয়ায় দক্ষিণ লেবাননে একটি বিস্ফোরক-ফাঁদ পাতা ভবনে শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করেছে প্রতিরোধ যোদ্ধারা।