রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের ৭৫ বার ‘হরমুজ খোলা’ দাবি, ইরান বলছে মিথ্যা

ট্রাম্পের ৭৫ বার ‘হরমুজ খোলা’ দাবি মিথ্যা বলে মন্তব্য করেছে ইরান।

ট্রাম্পের ৭৫ বার ‘হরমুজ খোলা’ দাবি, ইরান বলছে মিথ্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলকে ‘পরস্পরবিরোধী ও অবিশ্বস্ত’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ইসমাইল কোসারি। তিনি দাবি করেছেন, ট্রাম্প ৭৫ বার হরমুজ প্রণালি খোলা রয়েছে বলে উল্লেখ করেছেন, অথচ বাস্তবে তা খোলা হয়নি।

কোসারি বলেন, ট্রাম্প ১০৬ বার ‘ইরানের পরাজয়’ নিয়ে কথা বলেছেন এবং ৮৮ বার তেহরানের সঙ্গে ‘শিগগিরই চুক্তি’ হবে বলে দাবি করেছেন। তার মতে, ট্রাম্পের অবস্থান পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বিষয়ে তেহরানের আস্থা সংকট আরও গভীর হচ্ছে।

এদিকে, ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে ভবিষ্যতে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে, তবে তাৎক্ষণিকভাবে এই নৌপথটি খুলে দেওয়া হবে না। ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সূত্রে জানা গেছে, হরমুজ প্রণালির বিষয়টি তেহরান ও মাসকাটের মধ্যে আলোচনা হচ্ছে এবং এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই।

সূত্রটি জানায়, ‘হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ইরান ও ওমানের মধ্যে সম্ভাব্য কোনো সমঝোতার সঙ্গে এই প্রণালি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়ার কোনো সম্পর্ক নেই।’

আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হলেও, যুক্তরাষ্ট্রের আচরণে পরিবর্তন এবং তাদের লঙ্ঘনের অবসানের ওপরই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নির্ভর করছে।

ইরানি কর্মকর্তারা অভিযোগ করেছেন, ওয়াশিংটন সামরিক হুমকি দিয়ে আলোচনা প্রভাবিত করার চেষ্টা করছে এবং এ কারণে সমঝোতা বিলম্বিত হচ্ছে। ফলে, হরমুজ প্রণালি কবে খুলবে, তা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমানোর ওপর নির্ভর করছে।

বিজ্ঞাপন