পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের জামিন বাতিলে দুবাইয়ে একটি ল' ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ রবিবার রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘আমি হোম সেক্রেটারির সাথে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাইয়ে আমাদের ইউএই অ্যাম্বাসেডারের সাথে আলোচনা করেছেন। আমরা কয়েকদিন আগে ল ফার্ম নিয়োগ করেছি, এই বিষয়টির জন্য।’
সাবেক আইজিপি বেনজীর আহমেদ জামিনে মুক্তি পেলেও তাকে সংযুক্ত আরব আমিরাতেই থাকতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘আমি খবর পেয়েছি তাকে অন কন্ডিশনে এখানে তার ইউএই ছাড়ার শর্তে জামিন দেওয়া হয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘কি কি শর্ত সেটা আমি সার্টিফাইড কপিটা সংগ্রহ করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম রয়েছে তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি যেন এই জামিন বাতিলের জন্য তারা ব্যবস্থা গ্রহণ করে।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘তারা আইনানুগভাবে কাজ করছে এবং আমরা আশা করছি দ্রুততম সময়ে তাকে ফেরত নিতে পারব।’