ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রতিরোধে সৌদি আরব নেতৃত্বাধীন নৌ সামরিক জোটে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
হুমায়ুন কবির বলেন, "এই জোট কার্যকরে যা প্রয়োজন, বাংলাদেশ তা পাঠাবে।" গত বৃহস্পতিবার বাংলাদেশ, পাকিস্তান ও তুরস্কসহ ১৩টি দেশ নিয়ে মধ্যপ্রাচ্যে একটি নৌ সামরিক জোট গঠনের ঘোষণা দেয় সৌদি আরব।
জোটের উদ্দেশ্য হলো বাব আল-মান্দেব প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা। জোটের চুক্তিপত্রে সই করা অন্যান্য দেশগুলো হলো—কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান এবং কোমোরোস।
এদিকে, ইরানকেন্দ্রিক এই সংঘাতের মধ্যে একই ধরনের নিরাপত্তা লক্ষ্য থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত এবং ওমান এই জোটে যোগ দিতে চুক্তিতে সই করেনি।
হুমায়ুন কবির আরও জানান, চীনের সঙ্গে বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং যুক্তরাষ্ট্রের বিনিয়োগও রয়েছে বাংলাদেশে।
তিনি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার জন্য কাজ চলছে বলেও দাবি করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।