দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, বেনজীর আহমেদ দুবাই আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। তিনি বলেন, "আমরা দুবাই রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি এবং সার্টিফাই কপি সংগ্রহের চেষ্টা করছি।"
মন্ত্রী আরো জানান, বেনজীর আহমেদের জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে একটি ল ফার্ম (আইনি পরামর্শক) নিয়োগ করেছে। রোববার (২ আগস্ট) রাজশাহী পুলিশ লাইন্সে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেন যে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি জানান, বেনজীর আহমেদ গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দুবাইয়ের কারাগার থেকে মুক্ত হয়েছেন।
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার কারণে গ্রেফতার হন। দুবাই পুলিশ ও আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। গত ১২ জুন বাংলাদেশ কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করে দুবাই পুলিশ।
বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে একাধিক মামলা করা হয়েছে। এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। বেনজীর আহমদের প্রত্যর্পণে বাংলাদেশ সরকারের পাঠানো নথিপত্র ও আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয়পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়।
বেনজীর আহমেদের জামিনের শর্ত অনুযায়ী, তার পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং তিনি অনুমতি ছাড়া সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।