সিলেট বিভাগে নতুন করে ২৮ জন হাম রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১১৬ জনে পৌঁছেছে।
আজ সোমবার সকালে স্বাস্থ্য বিভাগের বিভাগীয় কার্যালয় প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একই সময়ে ল্যাব পরীক্ষায় নতুন ২৮ জন হাম রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া ৯৩ জন নতুন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এবং অন্যজন সদর উপজেলার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনেরই মৃত্যু হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় হাম ও রুবেলায় আক্রান্ত ৭শ ৬ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৫৪ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০২ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জন ভর্তি আছেন। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে ১১০ জন এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে ৬ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১১৬ জনে।