সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৪২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৯ জন, খুলনা বিভাগে ৮১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ১০৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬১ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৫ শতাংশ নারী।
এছাড়া, ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ হাজার ৯৩০ জন। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫৬ জনে পৌঁছেছে।