রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সুনামগঞ্জে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকাডুবিতে চারজনের মরদেহ উদ্ধার, নিহতদের মধ্যে দুইজনের পরিচয় প্রকাশ।

সুনামগঞ্জে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মইয়ার হাওরের রোয়ারকারা নামক স্থানে দুজনের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। এর আগে শনিবার দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে রয়েছেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ (৩৭) এবং মৃত অনিল দেবনাথের ছেলে অধীর দেবনাথ (৩৫)। শনিবার আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়, তারা হলেন মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫) এবং মৃত অনিল দেবনাথের ছেলে অরুণ দেবনাথ (৪৫)।

নৌকা ডুবির ঘটনায় বেঁচে ফেরা নিশি দেবনাথ জানান, রাত ৩টার দিকে তিনি ও গ্রামের ৯ জন কীর্তন দেখে বাড়ি ফিরছিলেন। মাঝ হাওরে আসার পর হঠাৎ দমকা হাওয়ায় নৌকা ডুবে যায়। তিনি নৌকার পেছনে ছিলেন এবং আগেই নদীতে পড়ে গিয়েছিলেন।

তিনি বলেন, "হাওরে কোনো ঠাঁই ছিল না। অনেক সময় সাঁতার কাটার পর ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমি বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম।" পরে একটি মাছ ধরার নৌকা এসে তাকে ও আরও পাঁচজনকে উদ্ধার করে। তবে বাকি চারজন পানিতে ডুবে যায়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে পূর্ব ভবানীপুর এলাকার ৯ জন নৌকায় পার্শ্ববর্তী ভরাউট এলাকায় হিন্দু ধর্মীয় এক অনুষ্ঠানে যান। সেখান থেকে রাত সাড়ে ৩টার দিকে ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ৯ জনের মধ্যে ৫ জন সাঁতার কেটে তীরে উঠে গেলেও ৪ জন নিখোঁজ হন। শনিবার দিনব্যাপি সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের দুটি ডুবুরিদল যৌথভাবে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন