সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে হাওরে নৌকা ডুবে একজন নিহত ও তিনজন নিখোঁজ হয়েছে। শনিবার ভোররাতে ভবানীপুর বৈঠাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের বালুচর এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভবানীপুর গ্রামের কয়েকজন লোক। ভোর রাতে তারা ডিঙি নৌকাযোগে বাড়িতে ফিরছিলেন। এসময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
নৌকায় থাকা সকল পূণ্যার্থী সাঁতার কেটে পারে চলে আসলেও ৪ জন পানিতে ডুবে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বেলা ১১টার দিকে অরুণ দেবনাথ (৪৫) নামের একজন যুবককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
নিখোঁজ তিনজন হলেন পূর্ব ভবানিপুর গ্রামের অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল কাজ করছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।